ফুলবাড়ী কয়লা খনির পানি ব্যবস্থাপনা
পানি ব্যবস্থাপনা বিশেষ করে ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা উন্মুক্ত কয়লা খনির একটি গুরুত্বপূর্ণ বিষয়। ফুলবাড়ী প্রকল্প ও এর পার্শ্ববর্তী এলাকায় পানির উৎস, সরবরাহ ও স্থানীয়দের ব্যবহার রীতি বিশ্লেষণ করে এশিয়া এনার্জি বিস্তারিত পানি ব্যবস্থাপনা পরিকল্পনা তৈরি করেছে।
খনি শুষ্ক ও কাজের নিরাপদ পরিবেশ বজায় রাখার জন্য ভূগর্ভস্থ পানি উত্তোলনের প্রয়োজন হয়। এতে খনি ও পার্শ্ববর্তী এলাকায় বিভিন্ন মাত্রায় পানি স্তর নীচে নেমে যাওয়াসহ গৃহস্থালী, কৃষিসহ অন্যান্য কাজে পানির সহজ প্রাপ্তিতে সাময়িক সমস্যা সৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এশিয়া এনার্জি ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও সম্প্রদায়ের কাছে পানির নিরাপদ ও নির্ভরযোগ্য সরবরাহ নিশ্চিত করতে অঙ্গীকারাবদ্ধ। একটি সমন্বিত প্রশমণমূলক ব্যবস্থার আওতায় পানি উত্তোলনের সম্ভাব্য প্রভাব কমিয়ে আনা হবে; ক্ষতিগ্রস্ত গ্রাম, ফুলবাড়ী শহর এবং কৃষিকাজে পানির সহজ প্রাপ্তি নিশ্চিত করা হবে।এশিয়া এনার্জি ব্যবস্হাপনা পদ্ধতি সমূহের আরো উন্নাতর লক্ষ্যে বিশেষজ্ঞ, সংশিষ্ট সরকারী প্রতিষ্ঠানের পাশাপাশি স্থানীয় সম্প্রদায়ের সাথেও নিবিড়ভাবে কাজ করবে যা প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ এবং পরিবেশগত ও সামাজিক বাধ্যবাধকতা পূরণ করবে।
খনি থেকে উত্তোলিত পানির কিছু অংশ পাইপ লাইনের মাধ্যমে বিদ্যমান ফুলবাড়ী শহর এবং বর্ধিত নতুন শহরে সরবরাহ করা হবে এবং ক্ষতিগ্রস্ত গ্রামগুলোতে প্রয়োজনানুসারে গভীর ও অগভীর নলকুপ স্থাপন করে পাইপ লাইনের মাধ্যমে গৃহস্থালীর জন্য পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করা হবে। বড় ব্যাসার্ধের পাইপ লাইন ও নালার মাধ্যমে উত্তোলিত পানির অপর একটি অংশ এবং প্রয়োজনে গভীর নলকুপ স্থাপন করে একই পদ্ধতিতে পর্যাপ্ত পরিমাণে পানি কৃষকদের কাছে সরবরাহ করা হবে। বছরব্যাপী পানির নিশ্চিত এবং নির্ভরযোগ্য সরবরাহের ফলে কৃষি উৎপাদন উল্লেখযোগ্য পরিমাণে বেড়ে যাবে এবং উৎপাদন খরচও অনেক কমে আসবে।
পাশাপাশি খনি এলাকা থেকে পানি উত্তোলনের কারণে ভূগর্ভস্থ পানি স্তর নেমে যাওয়া সীমিত করতে উত্তোলিত পানির প্রায় ২৫-৩০% ভূগর্ভস্থ স্তরে পুনঃপ্রবেশ করানো হবে। এটি বিশ্বব্যাপী স্বীকৃত ও পরীক্ষিত একটি পদ্ধতি এবং জার্মানীর বিশ্বখ্যাত আর ডব্লিউ ই মাইনসহ উন্নত বিশ্বের উন্মুক্ত খনিগুলোতে অত্যন্ত সফলভাবে অনুসৃত হচ্ছে। উল্লেখ্য, আরডব্লিউই এশিয়া এনার্জি’র সঙ্গে পানি ব্যবস্থাপনা কাজে যুক্ত আছে।
উত্তোলিত পানির কিছু অংশ প্রয়োজনানুসারে পার্শ্ববর্তী নদী ও জলাশয়ে প্রবাহিত করা হবে যাতে পানির গুণাগুণ, বর্তমান মৌসুমী প্রবাহ এবং জলজ প্রাণী ও উদ্ভিদকুলের আবাসস্থল অক্ষুন্ন থাকে। খনির কার্যক্রম থেকে সৃষ্ট অপরিশোধিত কোন পানি পার্শ্ববর্তী নদী ও জলাশয়ে প্রবাহিত করা হবেনা। কেবলমাত্র জাতীয় ও আন্তর্জাতিক মান নিশ্চিত করে পরিশোধিত পানিই প্রবাহিত করা হবে। একটি সমন্বিত পরিবীক্ষণ ব্যবস্থা বাস্তবায়ন করা হবে যাতে খনি কর্মকান্ডের প্রভাব এবং গৃহীত প্রশমণমূলক ব্যবস্থা মূল্যায়ন করা যায়।